ক্যাম্পাস

স্বতন্ত্র কোডসহ ৪ দফা দাবিতে আন্দোলনে শেকৃবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

শেকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

 স্বতন্ত্র কোডসহ ৪ দফা দাবিতে আন্দোলনে শেকৃবির ভেটেরিনারি শিক্ষার্থীরা- খবরের থাম্বনেইল ফটো

ক্লাস-পরীক্ষা বর্জন করে রাজপথে আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা। বিসিএসে কম্বাইন্ড ডিগ্রির জন্য স্বতন্ত্র কোড নির্ধারণ ও ইন্টার্ন ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে আজ রোববার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।


মানববন্ধন চলাকালীন শিক্ষার্থীরা ‘এক দফা, এক দাবি, বৈষম্যমুক্ত ভেট ডিগ্রি’, 'স্বতন্ত্র কোড দিতে হবে’, ‘দাবি যখন মানবে না, ক্লাস-পরীক্ষা চলবে না’ ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।


কম্বাইন্ড ডিগ্রি (B.Sc. Vet. Sci. & A.H.)-এর জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে দীর্ঘদিনের নিয়োগ জটিলতার স্থায়ী সমাধান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্নদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ (TA-DA) চালু ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শেকৃবির ১৮ জন কম্বাইন্ড ডিগ্রিধারী প্রার্থীর কেউই প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা এবং উদ্ভূত সমস্যার সমাধান নিশ্চিত করা।


আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে বারবার আশ্বাসের মুখে আন্দোলন স্থগিত করা হলেও কোনো সুরাহা হয়নি। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।


শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, তারা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিষয়টি জানিয়েছেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করছেন।


উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, "আমি নিজে পিএসসিতে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলব। এছাড়া বিএলআরআইসহ যেসব প্রতিষ্ঠানে বৈষম্যের অভিযোগ রয়েছে, সেখানেও আলোচনা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গেও কথা বলব।"


তবে প্রশাসনের এই মৌখিক আশ্বাসেও আন্দোলন থেকে সরেননি শিক্ষার্থীরা। দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আলটিমেটাম দিয়েছেন তারা।


সম্পর্কিত খবর