জাতীয়

নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে খুঁটিতে বেঁধে তরুণকে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

ডেস্ক

শেয়ারঃ

নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে খুঁটিতে বেঁধে তরুণকে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের পশ্চিম মাসদাইর এলাকায় জিসান (২৫) নামের এক তরুণকে বাড়ি থেকে ডেকে এনে ছিনতাইকারী আখ্যা দিয়ে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনিক নামের আরেক তরুণ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।


শনিবার রাতে জিসান ও অনিককে বাসা থেকে ডেকে আনা হয়। এরপর একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে স্টিলের পাইপ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। হাসপাতালে নেওয়ার পর জিসানের মৃত্যু হয়।


ঘটনার একটি ২৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে প্রকাশ্যে দুজনকে নির্মমভাবে পেটাতে দেখা যায়।


স্থানীয়দের অভিযোগ, আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা ও আল ফালাহ জামে মসজিদের ইমাম কাওসার হোসেনের নেতৃত্বে একদল লোক এই পিটুনি দেয়। ঘটনার পর হ্যান্ডমাইকে কাওসার হোসেনকে বলতে শোনা যায়, "কুত্তাকে জনগণ পিটিয়ে মেরেছে, কোনো মামলা-হামলা কিচ্ছু হবে না।"


নিহত জিসানের বাবা ইউনুস মিয়া জানান, পরিবারের সদস্যরা অনেক অনুরোধ করলেও জিসান ও অনিককে ছেড়ে দেওয়া হয়নি। তিনি এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


স্থানীয়দের একাংশের দাবি, জিসান ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, জিসানের বিরুদ্ধে একটি মারামারির মামলা থাকলেও কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


সম্পর্কিত খবর