জাতীয়
মুজিবনগরে রোপা আমন ও পেঁয়াজ বীজ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

মেহেরপুরের মুজিবনগরে ২০২৫-২৬ অর্থ বছরের খরিফ মৌসুমে রোপা আমন ধান ও শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা। অনুষ্ঠানে স্বাগত ও টেকনিক্যাল বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে রোপা আমন ও শীতকালীন পেঁয়াজ বীজ বিতরণ করা হচ্ছে।” পেঁয়াজের বাজারে পরনির্ভরশীলতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এই শীতকালীন পেঁয়াজ চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি কৃষকদের এই সরকারি প্রণোদনার সঠিক ব্যবহার করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন বলেন, “খরিফ মৌসুমে রোপা আমন এবং শীতকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই আমাদের এই বিশেষ প্রণোদনা কর্মসূচি। অনেক সময় কৃষকেরা সঠিক সময়ে মানসম্মত বীজের অভাবে ক্ষতিগ্রস্ত হন। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার পৌঁছে দিচ্ছি।” উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে থেকে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও রোগবালাই দমনে সব ধরনের কারিগরি সহযোগিতা প্রদান করবেন এবং সঠিক নিয়মে চাষাবাদ করলে এবার মুজিবনগরে আমন ও পেঁয়াজের বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্স ওমর ফারুক প্রিন্স, সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত তালিকাভুক্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করেন।







