জাতীয়
স্থান বরাদ্দ না পাওয়ায় জবির জিমনেশিয়াম প্রকল্প থমকে, অভিযোগ জকসু ভিপির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম নির্মাণের উদ্যোগ সাবেক উপাচার্যের আমলে চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও বর্তমান প্রশাসনের কাছ থেকে স্থান বরাদ্দ না পাওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম।
সোমবার (৬ জুলাই) জকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মাঝে ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
রিয়াজুল ইসলাম বলেন, "বিভিন্ন বিভাগের হাতে ফুটবল তুলে দেওয়া হলেও এটি কেবল প্রতীকী সহযোগিতা। একটি শক্তিশালী ক্রীড়া দল গড়ে তুলতে একাধিক ফুটবল, জার্সি, প্রশিক্ষণ সরঞ্জাম, জুতা, পুষ্টিকর খাবার, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা জরুরি।" এসব ব্যবস্থা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
জিমনেশিয়াম নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, "সদ্যপ্রয়াত সাবেক উপাচার্যের সময় ক্রীড়া কমিটির মাধ্যমে জিমনেশিয়ামের জন্য একটি স্থান প্রায় চূড়ান্ত করা হয়েছিল এবং প্রকল্প বাস্তবায়নের জন্য স্পন্সরও নিশ্চিত ছিল। তবে বর্তমান প্রশাসনের সময় এসে সেই স্থান বরাদ্দ দেওয়া হয়নি।" কেন বরাদ্দ দেওয়া হয়নি, সে বিষয়ে প্রশাসনই ব্যাখ্যা দিতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
জকসু ভিপি আরও অভিযোগ করেন, "শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি সেমিস্টারে জকসুর নামে আদায় করা ২০০ টাকার অর্থ এখনো জকসুর কাছে হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন সময় কমিটি গঠন ও নীতিমালা প্রণয়নের কথা বলা হয়েছে।" এতে দীর্ঘসূত্রতার কারণে জকসুর মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, "প্রশাসন স্থান বরাদ্দ দিলে বিশ্ববিদ্যালয়ের গ্যারেজের নিচে অল্প পরিসরে একটি আধুনিক জিমনেশিয়াম নির্মাণ করা সম্ভব, যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী শরীরচর্চার সুযোগ পাবেন।"
বক্তব্যের শেষাংশে রিয়াজুল ইসলাম বলেন, ফুটবল বিতরণের উদ্দেশ্য শিক্ষার্থীদের খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা। একই সঙ্গে জকসুর প্রতিনিধিরা শিক্ষার্থীদের মতামত ও সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চান।
তবে এ বিষয়ে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।







