ক্যাম্পাস

জাবি শিক্ষার্থীকে ধাক্কা,সেলফি পরিবহণের ৬ বাস আটক

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাবি শিক্ষার্থীকে ধাক্কা,সেলফি পরিবহণের ৬ বাস আটক- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ‘সেলফি পরিবহন’-এর ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।


সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে সেলফি পরিবহনের ছয়টি বাস আটক করেন।


ভুক্তভোগী আফরিন জামান অরিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী। আফরিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাস থেকে নামার জন্য তিনি দরজার কাছে দাঁড়িয়েছিলেন। এ সময় বাসটি গতি কমালেও সম্পূর্ণ থামার আগেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।


তিনি বলেন, “আমার ঠিক পেছনেই আরেকটি বাস আসছিল। সৌভাগ্যবশত সেখানে স্পিড ব্রেকার থাকায় বাসটির গতি কম ছিল। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”


ঘটনার বিষয়ে সেলফি পরিবহনের স্টাফ সোহেল মাহমুদ বলেন, "আমরা শুনেছি আমাদের একটি বাস থেকে একজন শিক্ষার্থী পড়ে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা আমাদের কয়েকটি বাস আটক করেছেন।"


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট বাস ও দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।”


সম্পর্কিত খবর