ক্যাম্পাস
২য় ন্যাশনাল ব্লাড অলিম্পিয়াডে প্রথম রানারস-আপ সিকৃবির মাহমুদা ইসলাম তিথী

দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন (BADHAN) কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ‘2nd National Blood Olympiad-2026’-এ প্রথম রানারস-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন বাঁধন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিটের সদস্য মাহমুদা ইসলাম তিথী।
তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর এ অর্জনে বাঁধন, সিকৃবি ইউনিট এবং বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
গত ৩ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাঁধনের বার্ষিক সাধারণ সভা (AGM) ও দায়িত্ব হস্তান্তর-২০২৬ অনুষ্ঠিত হয়। দেশের ৬১টি জেলার ৯৫টি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান, ১৬টি জোন, ১৫১টি ইউনিট এবং ১৬টি পরিবারের দুই হাজারেরও বেশি বাঁধনকর্মীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত ‘2nd National Blood Olympiad-2026’-এ দেশের বিভিন্ন ইউনিটের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে প্রথম রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন মাহমুদা ইসলাম তিথী।
মাহমুদা ইসলাম তিথী বলেন, “বাঁধন কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ‘2nd National Blood Olympiad-2026’-এ ১ম রানার-আপ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একজন নিয়মিত রক্তদাতা হিসেবে কোনো দীর্ঘ প্রস্তুতি ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। প্রথম ও দ্বিতীয় রাউন্ড পেরিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়াটাই ছিল আমার জন্য বড় অর্জন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এই অলিম্পিয়াড আমাকে মানবতার সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। ভবিষ্যতেও রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।”
বাঁধনের মূল প্রতিপাদ্য “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”-কে ধারণ করে আয়োজিত এ অলিম্পিয়াডে তিথীর এই সাফল্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি গৌরবজনক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ অর্জনে বাঁধন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে







