ক্যাম্পাস

গাঁজা সেবনকালে পাবিপ্রবির সাবেক শিক্ষার্থী আটক

‎পাবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

গাঁজা সেবনকালে পাবিপ্রবির সাবেক শিক্ষার্থী আটক- খবরের থাম্বনেইল ফটো

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (৬ষ্ঠ ব্যাচ) অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী সোহরাব আলীকে গাঁজা সেবনের সময় আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎মঙ্গলবার (৭ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ১২তম তলায় তাকে গাঁজা সেবন করতে দেখেন শিক্ষার্থীরা। পরে আনসারদের জানালে  হাতে-নাতে আটক করে তাকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগেও একই অভিযোগে তাকে দুইবার আটক করা হয়েছিল। এছাড়াও অভিযোগ আছে তিনি মানসিক ভাবে অসুস্থ।

‎খোঁজ নিয়ে জানা যায়, সোহরাব আলীর বাড়ি পাবনা জেলার শ্রীপুর উপজেলার নলদাহ এলাকায়।

‎আটকের পর সোহরাব আলী বলেন,আমি মাঝে মাঝে আমার ক্যাম্পাসে ঘুরতে আসি। আমি ভালো গান করি, তাই মাঝে মাঝে একটু গাঁজা সেবন করি। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে আর এমন করব না।

‎আনসার সদস্য মনোয়ার হোসেন বলেন, দুপুর প্রায় ১টার দিকে ফোনে খবর পাই যে একাডেমিক ভবন-২-এর ১২তম তলায় একজন গাঁজা সেবন করছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসি।

‎এ বিষয়ে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"তাকে আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না। বেশ কিছুদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছে। অনেক বোঝানোর পরও তাকে এ ধরনের কাজ থেকে বিরত রাখতে পারিনি। সে মানসিকভাবে অসুস্থ,যার কারণে এমন আচরণ করছে।"

‎এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো.রাশেদুল হক বলেন, "আমরা মাদক বিরোধী ক্যাম্পেইন করবো। মাদক সেবনে নিরুৎসাহিত করবো। যাতে কেউ ক্যাম্পাসে মাদক সেবন না করেন সে বিষয়ে শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান করবো। পরবর্তীতে বহিরাগত কেউ এটা করলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।"


সম্পর্কিত খবর