ক্যাম্পাস
ইবির লোক প্রশাসন বিভাগে ‘লোক্যাল ইমপ্যাক্ট অব গ্লোবাল লার্নিং’ বিষয়ক সংবাদ সম্মেলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগে ‘লোক্যাল ইমপ্যাক্ট অব গ্লোবাল লার্নিং’ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস+ কর্মসূচির অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক RESHAPE প্রকল্পের আওতায় মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে লোক প্রশাসন বিভাগের সভাপতির কক্ষে এ সম্মেলন শুরু হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন ও অধ্যাপক ড. লুৎফর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, রিশেইপ প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষাদান ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। এর ফলে শিক্ষকরা আধুনিক ডিজিটাল দক্ষতা, উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলেও মন্তব্য করেন তাঁরা।
সম্মেলনে প্রকল্পটির মূল উদ্দেশ্য তুলে ধরে তাাঁরা আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদান পদ্ধতির প্রসার এবং সামাজিক-সাংস্কৃতিক টেকসই উন্নয়নের পাশাপাশি প্লানেটারি ওয়েলবিয়িং-এর ধারণাকে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংযুক্ত করা এই প্রকল্পের লক্ষ্য। আন্তর্জাতিক অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা এবং শিক্ষক উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ নিয়েও সেখানে বিস্তারিত আলোচনা করা হয়।







