ক্যাম্পাস
প্রথমবারের মতো আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা উঠল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের।
গতকাল ঙ্গ্লবার (৭ জুলাই), বিকাল ৩টায় টুর্নামেন্টের অফিশিয়াল জার্সি উন্মোচনের মাধ্যমে এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। উদ্বোধনী মাঠের লড়াইয়ে মুখোমুখি হয় এগ্রিকালচার অনুষদ এবং ফিসারিজ অনুষদ।
টুর্নামেন্টের মূল খেলা শুরুর আগে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. নাজমুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা ও শারীরিক গঠনের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বসুলভ গুণাবলী এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরিতে দারুণ ভূমিকা রাখে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমকেও সমানভাবে প্রাধান্য দিচ্ছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডা. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী হল প্রভোস্ট হাফিজুর রহমান এবং জহুরুল স্যার।
বক্তারা খেলায় জয়-পরাজয়ের চেয়ে খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে সুশৃঙ্খলভাবে পুরো টুর্নামেন্ট সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেফারির বাঁশিতে শুরু হয় এগ্রিকালচার বনাম ফিসারিজ অনুষদের মধ্যকার মাঠের লড়াই। দুই দলের খেলোয়াড়দের টানটান উত্তেজনাপূর্ণ ও নান্দনিক ফুটবল শৈলী উপভোগ করতে মাঠের চারপাশ জুড়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী। তাদের করতালি আর উল্লাসে পুরো ক্যাম্পাস জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।







