জাতীয়
চারঘাটে শিশুকে ধর্ষণের অভিযোগ, আট ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

রাজশাহীর চারঘাট উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে আট ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজশাহী র্যাব-৫ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির।
গ্রেফতার ব্যক্তি দেব চন্দ্র দাস (২২)। তিনি চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, বুধবার প্রতিবেশী ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বুধবার চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার পরপরই র্যাব অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরের মতিহার থানার ম্যাজিক লণ্ঠন স্কুলসংলগ্ন এলাকা থেকে দেব চন্দ্র দাসকে গ্রেফতার করে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলার আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।







