জাতীয়

ফেনীতে ১১ দল–সমর্থিত এবি পার্টির প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর

ডেস্ক

শেয়ারঃ

ফেনীতে ১১ দল–সমর্থিত এবি পার্টির প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট–সমর্থিত আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে এ ঘটনা ঘটে।


দলীয় সূত্রে জানা যায়, ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু সম্প্রতি ওই এলাকায় একটি নির্বাচন পরিচালনা কার্যালয় স্থাপন করেন। সেখানে ফেস্টুন টানিয়ে এবং চেয়ার-টেবিল স্থাপন করে দলীয় নেতাকর্মীরা নিয়মিত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছিলেন। তবে বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা ওই কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে।


ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেন, “আমি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে একটি নির্বাচনী অফিস চালু হওয়াতেই একটি মহল আতঙ্কিত হয়ে উঠেছে। সন্ত্রাস ও ভয়ভীতির মাধ্যমে জনগণের কণ্ঠ কখনোই রুদ্ধ করা যায় না।” তিনি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে কয়েকটি চেয়ার এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে এবং একটি টেবিলের পাটাতন বাইরে পাওয়া গেছে। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।


স্থানীয়ভাবে এমন হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব প্রার্থীর সমান নিরাপত্তা ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করা জরুরি।


সম্পর্কিত খবর