জাতীয়

ডিনস অ্যাওয়ার্ড থেকে প্রভাষক: জবি সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীর সাফল্য

জবি প্রতিনিধি

শেয়ারঃ

ডিনস অ্যাওয়ার্ড থেকে প্রভাষক: জবি সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীর সাফল্য- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী দেশের দুটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের সুযোগ পেয়েছেন।


এর আগে, তারা একই সাথে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে সমাজবিজ্ঞান বিভাগের হয়ে ডিনস্ অ্যাওয়ার্ড পান। তারা হলেন মুতাচ্ছিম বিল্লাহ ও শামিমা ফেরদৌসি বন্যা। তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জবি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক মহলের জন্যও গর্বের বিষয় হয়ে দাড়িয়েছে।


জানা যায়, সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন মুতাচ্ছিম বিল্লাহ। অন্যদিকে, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় প্রভাষক হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন শামিমা ফেরদৌসি বন্যা।


নিজের অনুভূতি জানিয়ে মুতাচ্ছিম বিল্লাহ বলেন, “আলহামদুলিল্লাহ। এটি যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্বও। জ্ঞানচর্চা, গবেষণা এবং শিক্ষার্থীদের বিকাশে আন্তরিকভাবে কাজ করার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব পালন করতে চাই।”


ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি সমাজের মানুষের জন্য কিছু করতে চাই। এমন একটি তরুণ প্রজন্ম গড়ে উঠুক, যারা সুন্দর ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।”


অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী জনপদ থেকে উঠে আসা শামিমা ফেরদৌসি বন্যা একাডেমিক সাফল্য, গবেষণা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে শিক্ষকতায় নিজের জায়গা তৈরি করেছেন। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “জীবনের প্রথম চাকরি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি চাই নিজের পাশাপাশি যে প্রতিষ্ঠানে কাজ করব, সেই প্রতিষ্ঠানকেও এগিয়ে নিতে।”


তিনি আরও বলেন, “আমি আমাদের পরিবারের প্রথম সদস্য, যিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। আমার সাফল্যের পেছনে আল্লাহর রহমত, বাবা-মায়ের দোয়া, পরিবারের সহযোগিতা এবং শিক্ষকদের দিকনির্দেশনা সবচেয়ে বড় শক্তি। পড়াশোনার কোনো বিকল্প নেই। নিয়মিত ও আন্তরিকভাবে পড়াশোনা করলে সাফল্য আজ না হোক, কাল আসবেই। সময়মতো কাজ করা এবং ধৈর্য ধরে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার বিকল্প নেই।”


সম্পর্কিত খবর