ক্যাম্পাস
কুবিতে রোটার্যাক্ট ক্লাবের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব’র ২০২৬-২০২৭ বর্ষের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্বপ্নচূড়া রিসোর্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ১৭তম আবর্তনের শিক্ষার্থী মাহফুজুর রহমান ভূইঁয়া এবং নাদিরা জান্নাহ চৌধুরীর সঞ্চালনায় ব্রাজিল-আর্জেনটিনা প্রীতি ম্যাচ দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরবর্তীতে ধারাবাহিকভাবে ছেলেদের পাঞ্জা লড়াই, মোরগ লড়াই এবং বেলুন যুদ্ধ হয়। মেয়েদের জন্য চেয়ার দখল, বল নিক্ষেপ এবং যৌথভাবে হাড়িভাঙ্গা খেলার আয়োজন করা হয়। খেলা শেষে অভিষেক অনুষ্ঠান শুরু হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান আরএফএসএম এর সভাপতি জীবন চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন রোটারিয়ান পিএইসএফ সেক্রেটারি আবদুল মান্নান,রোটারিয়ান পিএইচএফ সভাপতি ইলেক্ট আহমদউল্লাহ আসাদী, রোটারিয়ান আরএফএসএম যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল কাদের তাহের, পিএইচএফএমসি নির্দেশক যুব সেবা রোটারিয়ান পিপি মোহাম্মদ ইকবাল আমিন।তা ছাড়া উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আহসান হাবীব
প্রধান অতিথির বক্তব্যে রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লার সভাপতি জীবন চন্দ্র চক্রবর্তী বলেন, “রোটার্যাক্ট একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন, যার সদস্যরা বিশ্বের যেকোনো প্রান্তে পারস্পরিক সহযোগিতা পেয়ে থাকেন। রোটারি ইন্টারন্যাশনালের পোলিও নির্মূল কর্মসূচির পাশাপাশি নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও রোটার্যাক্ট কাজ করছে। ‘ফোর ওয়ে টেস্ট’-এর সত্য, ন্যায়, সুনাম ও কল্যাণের আদর্শ অনুসরণ করে রোটার্য্যাক্ট ক্লাব অব কুমিল্লা শীঘ্রই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, “রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি ‘ফেলোশিপ থ্রু সার্ভিস’-এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কমিউনিটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। আমাদের ক্লাবটি ভবিষ্যতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সেরা রোটার্যাক্ট ক্লাব এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
সভাপতি নাজমুস সাকিব বলেন, “গত বছর রোটার্যাক্ট ক্লাব মানবকল্যাণ ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। টাইম ম্যানেজমেন্ট, সিভি তৈরি, লিংকডইন ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা এবং সালমানপুরের একটি বিদ্যালয়ে ছয় মাস ধরে সপ্তাহে একদিন বিনামূল্যে পাঠদান করা হয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় সদর দক্ষিণ এলাকায় রোটার্যাক্ট ক্লাবের ইতিবাচক ও স্থায়ী প্রভাব তৈরি করাই আমাদের লক্ষ্য।







