ক্যাম্পাস
জবি টিএসসি সংস্কারে চার দফা দাবি জকসুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) টিএসসি সংস্কারকে কেন্দ্র করে চার দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
শনিবার (১১ জুলাই) জকসুর ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এ দাবি উত্থাপন করা হয়।
জকসুর চার দফা দাবির মধ্যে রয়েছে:- উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সবার উপস্থিতিতে দোকান বরাদ্দ দিতে হবে; দোকান বরাদ্দ দেওয়ার আগেই পণ্যের মূল্য লিখিতভাবে নির্ধারণ করতে হবে; চলতি মাসের মধ্যেই টিএসসি সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে; টিএসসির জমি দ্রুত বিশ্ববিদ্যালয়ের নামে ক্রয় করতে হবে।
এ সম্পর্কে জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একটি ক্যান্টিন। কিন্তু টিএসসি হিসেবে ব্যবহৃত জায়গাটিতে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলমান থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি এর সংস্কারের দায়িত্ব নিলেও কাজের স্বচ্ছতা এবং গতিশীলতা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়।"
তিনি আরও বলেন, "এই স্থানে দোকান বরাদ্দ দেওয়া নিয়ে নানাবিধ তথ্য ও গুঞ্জন আমাদের কানে আসছে। আমরা চাই, এই জায়গার দোকানগুলো হোক শিক্ষার্থীবান্ধব এবং নিয়ন্ত্রিত। দোকান বরাদ্দ এবং শিক্ষার্থীদের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রয়ের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) দুইটি দাবি নিয়ে আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সাক্ষাৎ করবে। শিক্ষার্থীদের স্বার্থে এই দাবি দুইটি বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।"







