জাতীয়

তারুণ্যের আত্মপাঠে বিদ্রোহী নজরুল: বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘বিদ্রোহের স্বরলিপি’ উৎসব অনুষ্ঠিত

ডেস্ক

শেয়ারঃ

তারুণ্যের আত্মপাঠে বিদ্রোহী নজরুল: বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘বিদ্রোহের স্বরলিপি’ উৎসব অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘বিদ্রোহের স্বরলিপি’ নজরুল জয়ন্তী উৎসব ২০২৬।


শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রটির ৫০৫ নম্বর মিলনায়তনে এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কবির সমাজচিন্তা ও তারুণ্যের ভূমিকা নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই উৎসবের আয়োজন করে কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জেহাদ উদ্দিন।


কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও নজরুল গবেষক নাসিম আহমেদ এবং বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন লেখক ও প্রকাশক এম তারিক হাসিব। এরপর ‘বিদ্রোহী কবি নজরুলের সমাজচিন্তা: তারুণ্যের আত্মপাঠ’ শীর্ষক একটি তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচনায় অংশ নেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, কথাশৈলী আবৃত্তি চক্রের পরিচালক রহমতুল্লাহ রাজন, লেখক ও সম্পাদক সীমান্ত আকরাম এবং লেখক ও আলোচক ইনামুল হাসান মোহাম্মদ নাঈম। বক্তারা নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ, অসাম্প্রদায়িকতা এবং বর্তমান তরুণ সমাজ গঠনে কবির কালজয়ী দর্শনের গুরুত্ব তুলে ধরেন।


সাংস্কৃতিক পর্বে নজরুল সংগীতের মূর্ছনায় দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন বিশিষ্ট শিল্পী তাওহিদুল ইসলাম, ওয়াদুদুর রহমান রাহুল এবং কিডস কালচারাল একাডেমির পরিচালক ইমাম হোসাইন। এছাড়াও ভয়েস আর্টিস্ট বাংলাদেশ-এর সভাপতি লাবণ্য মল্লিকের দরাজ কণ্ঠের আবৃত্তি অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।


উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল সাত কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রতিযোগিতা। আবৃত্তি, সংগীত ও রচনা- এই তিনটি বিভাগে বিজয়ী মেধাবীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিল কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদ এবং এর সফল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে উৎসবের বাস্তবায়ন পর্ষদ। অনুষ্ঠানের আহ্বায়ক ও উপস্থাপক এম. সাব্বির আহমেদ জানান, নজরুল জয়ন্তী উদযাপনের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর