ক্যাম্পাস
ইবি ছাত্রদলের নতুন কমিটির শুভেচ্ছা মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। শনিবার (১১ জুলাই) দুপুর ১ টায় অনুষদ ভবন থেকে একটি মিছিল বের করে তারা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থরের সামনে মিলিত হয়। পরে সেখানে এবং বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে তারা। পরে পুনরায় তারা মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, সদ্য সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সাবেক সভাপতি হুমায়ুন বাবর ফিরোজ, ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ প্রায় ৪ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে তারা ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘গুপ্ত লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ও ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেয়।
এ সময় সদ্য বিদায়ী আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বাংলাদেশে বর্তমান যে রাজনীতি চলছে, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে, কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। কেউ কারও শত্রু না। শুনতেছি শেখ হাসিনা নাকি ভারত থেকে দেশে আসবে। শেখ হাসিনা ভারত থেকে কোনোদিনই আসবে না। শেখ হাসিনাসহ শেখ পরিবারের কারও দাফন বাংলাদেশে হবে না, হবে না। কালক্ষেপণ না করে আওয়ামীলীগের বিচার এই বাংলার মাটিতে দ্রুত করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি।
নব গঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, এই কমিটিতে যারা পদপ্রত্যাশী ছিল তারা সবাই পদ-পদবি পায় নাই। আমি তাদেরকে কথা দিচ্ছি, এক মাসের মধ্যে মিথুন, রাফিজ, পারভেজের নেতৃত্বে আপনারা সবাই আমাদের কমিটিতে জায়গা পাবেন। এবং খুব দ্রুতই আমরা হল কমিটি এবং ফ্যাকাল্টি কমিটি করব। ছাত্রদলের একটাই উদ্দেশ্য, নিরাপদ ক্যাম্পাস। নিরাপদ ক্যাম্পাস গঠনে ছাত্রদল সারা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে একাত্ম হয়ে কাজ করে যাবে।







