ক্যাম্পাস
জুলাই নিয়ে নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট : রাবি শিক্ষার্থীদের ক্ষোভ

চব্বিশের জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়' এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এ পোস্টকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী পোস্টটিকে ইতিহাস বিকৃতির চেষ্টা বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নাহিদ ইসলাম ওই পোস্টটি করেন। পোস্টে তিনি দাবি করেন,
জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সারাদেশে প্রথম ছাত্রলীগমুক্ত। মুখে লাল কাপড় বাঁধা কর্মসূচিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই সবার আগে সফল করে৷
পোস্টটি প্রকাশের পরপরই জুলাই গনঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাবির সাবেক সমম্বয়ক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্যের সমলোচনা করে এর বিপক্ষে মতামত দিতে শুরু করেন। রাবির শিক্ষার্থীরা দাবি করেন, ছাত্রলীগবিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও প্রথম ছাত্রলীগমুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাই এমন মন্তব্য বিভ্রান্তি তৈরি করতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, "নাহিদ ইসলাম কি জুলাইয়ের ইতিহাস জানে আদৌ? জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। পুরো বাংলাদেশ সাক্ষী। ১৬ই জুলাই তল্পিতল্পা গুছিয়ে রাবি থেকে ছাত্রলীগ পলায়ন করে পুলিশি পাহারায়। দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্যান্জাম লাগিয়ে জুলাইয়ের সুবিধাভোগীদের লাভ কি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতভর সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্ব দেখিয়েছে। তাদের সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। আমরা একে অপরের সহযোদ্ধা।"
আরেক সমন্বয়ক নওশাদ জামান নাহিদ ইসলামের পোষ্ট শেয়ার দিয়ে লেখেন, "এনসিপির প্রতিটা নেতা হচ্ছে নেড়ী/কুকুরের মতো। যখন যাকে খুশি করতে হবে, তখন তার সামনে সেভাবে ঘেউ ঘেউ করতে অভ্যস্ত। কিছু নেতা বলে প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিদ্যালয়, আবার কিছু নেতা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এভাবেই তারা সবাইকে সুখী করে বেঁচে থাকতে চায়। দেশের প্রথম জুলাই গাদ্দার এনসিপি সবসময় সেরা।"
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক আশিক ফেসবুক পোস্টে লেখেন,"জুলাইয়ে বাংলাদেশের প্রথম ছাত্রলীগমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে স্থান করে নিয়েছে। সেদিন ছাত্রশিবির, ছাত্রদল অন্যান্য ছাত্র সংগঠন সহ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী আসাদুল্লাহ গালিব বাবু সহ অন্যান্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানাই; জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরুন। ইতিহাসের কোনো ধরনের বিকৃতি বা বিচ্যুতি কখনোই সমর্থনযোগ্য নয়।"
এ বিষয়ে এখন পর্যন্ত নাহিদ ইসলাম তার পোস্টের ব্যাখ্যায় নতুন কোনো বক্তব্য দেননি।
উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন দমন করতে মাঠে নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। তারা বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিয়ে আন্দোলনে অংশ নিতে বাধা দেয়, কিছু কিছু জায়গায় হামলা চালায়। ২০২৪ সালের ১৬ জুলাই বিকেল চারটার দিকে তৎকালীন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব নেতাকর্মীকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে সক্ষম হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাবি-ই হয় ছাত্রলীগমুক্ত দেশের প্রথম ক্যাম্পাস।







