ক্যাম্পাস
জাবি শিক্ষার্থীকে মারধরের জের: গতকাল থেকে আটকে আছে ‘মৌমিতা’র ৬ বাস

ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নবীন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে মৌমিতা পরিবহনের হেলপারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে গতকাল থেকে ছয়টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটলে বাস আটক করেন তারা।
ভুক্তভোগী মো. হিরু মিয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
ভুক্তভোগীর লিখিত অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যায় গাবতলী থেকে সাভারগামী মৌমিতা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো–ব ১৩-১৭৮৬) যাত্রাকালে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার তাকে শারীরিকভাবে আঘাত করেন।
ঘটনার খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মৌমিতা পরিবহনের ছয়টি বাস আটকে দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ হিরু মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসার ব্যয় বহন এবং শারীরিক ও মানসিক ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীর লিখিত অভিযোগ গ্রহণ করি। পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।







