ক্যাম্পাস
১০ বছর পূর্তি উপলক্ষে মোরাল প্যারেন্টিং ইবি ট্রাস্টের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

মোরাল প্যারটিং ট্রাস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইউনিট কর্তৃক ১০ম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় ক্যাম্পাস মোরাল প্যারেন্টিং ইবি ট্রাস্টের গার্ডিয়ান ইংরেজি বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী, ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ফয়সাল হোসেন, ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোজাম্মেল হক মোল্লা ও ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ার সহ অন্যরা উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচিতে ৫০জন মোরাল চাইল্ড সহ সংশ্লিষ্টের উপস্থিততে ৭০টি বৃক্ষ বিতরণ ও ৩০টি বৃক্ষরোপণ করা হয়। বিতরণকৃত বৃক্ষের মধ্যে তাল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, আমড়া গাছ, নিম গাছ, ডায়োফল গাছ ও কাঠ-বাদাম গাছ ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।
ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ার বলেন, মোরাল প্যারেন্টিং পরিবার একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, অলাভজনক সামাজিক সংগঠন। মোরাল প্যারেন্টিং পরিবার একটি নৈতিক সমাজ গঠনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজ পর্যায়ে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ এবং আত্মউন্নয়নমূলক বিভিন্ন কোর্স চালুর মাধ্যমে সংগঠনটি কাজ করে যাচ্ছে। সংগঠনটি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেও কাজ করে যায়।
তিনি আরো বলেন, পরিবেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে এবং বৃক্ষ আমাদের অনেকভাবে উপকার করে থাকে। আমরা গ্লোবাল ওয়ার্মিং-এর বিষয় জানি। আমরা এই সচেতনতামূলক কাজগুলি আমরা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটি নৈতিক সমাজ গঠন করা। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। আমাদের আজকের এই প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করতে আমাদের এই সংগঠনের ক্যাম্পাস গার্ডিয়ান অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার স্যার এবং সহযোগী অধ্যাপক ড. জাফর আলী স্যার সার্বিকভাবে সহযোগীতা করেছেন।
ক্যাম্পাস গার্ডিয়ান অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী বলেন, মোরাল প্যারেন্টিং ট্রাস্ট একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন। দেশের মেধাবী এবং দুস্থ যে ছাত্র-ছাত্রী আছে, স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যায়ে, সকল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি দিয়ে থাকে। শুধু বৃত্তিই না, এর পাশাপাশি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কম্পিউটার লার্নিং, রিসার্চ মেথডোলজি—বিভিন্ন বিষয়ে নিয়মিত নানান রকমের প্রোগ্রাম অফার করে ছাত্র-ছাত্রীদের জন্য। বই পড়ার প্রোগ্রামও আছে এর মধ্যে।
তিনি আরো বলেন, বৃক্ষ হচ্ছে মানুষের পরম বন্ধু। যখন সব বন্ধুদের বিদায় ঘটে, বৃক্ষ কিন্তু রয়ে যায় আমাদের পাশে। শুধু অক্সিজেনই দেয় না, এ আমাদের পুষ্টির উপাদান ফল প্রদান করে, পাখি এবং অন্যান্য প্রাণীদের আবাসস্থল। কাজেই বৃক্ষ হচ্ছে মানুষের জন্য পরম বন্ধু, পরম প্রতিরক্ষা। আজকের আয়োজনে যারা সহযোগিতা করেছে, বিশেষ করে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সকল ছাত্র-ছাত্রী এবং আমাদেরকে জায়গা দিয়ে যারা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন এই স্কুলটি, সকলকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।







