ক্যাম্পাস

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইবির আরবী বিভাগ

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইবির আরবী বিভাগ- খবরের থাম্বনেইল ফটো

২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। বুধবার (১৫ জুলাই) দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৩০৩ নম্বর কক্ষে এর আয়োজন করে বিভাগটি।


অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।


এসময় বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. আবদুল মোত্তালিব, অধ্যাপক ড. আবু সাইদ মোহাম্মদ আলী, অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম, অধ্যাপক ড. এ. কে. এম শামছুল হক ছিদ্দিকী, অধ্যাপক ড. কামরুল হাসান ও অধ্যাপক ড. সাইফুল গণি নোমান সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল ও ব্যাগ দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।


বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিয়ার রহমানের সঞ্চালনায় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, তোমাদেরকে পড়তে হবে। যদি আমরা দেখি তোমরা লাইব্রেরি, মসজিদ কিংবা ক্লাস রুমে আছো তাহলে আমরা আনন্দিত হবো। আর যদি দেখি তোমরা রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করছো, স্লোগান দিচ্ছো, তাহলে আমারা আনন্দিত হবো না। আমরা চাই না আমাদের ছেলে-মেয়েরা রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করুক। পড়ার টেবিল থেকে নিজেকে মুক্ত করলে এটা আমাদের আনন্দিত করবে না। তাই তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো।


নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হওয়ায় তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের পিতা-মাতা যে উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে, তোমরা সে অনুযায়ী কাজ করবে। আজকের এই দিনটি তোমাদের জন্য আনন্দের, কিন্তু যেদিন তোমরা এখান থেকে বিদায় নেবে সেদিন তোমাদের জন্য বেদনাদায়ক হয়ে যাবে। তোমরা জ্ঞানের সমুদ্রে চলে এসেছো। তোমরা এখান থেকে চলে যাওয়ার সময় যতটুকু সংগ্রহ করতে পারবে এটাই তোমাদের স্বার্থকতা। একই সাথে ভাষা ও সাহিত্যের চর্চা হয়, কেউ চাইলে এখান থেকে ভাষাবিদ, কবি ও ছন্দ বিশারদ হতে পারবে।


তোমরা জেনে আনন্দিত হবে যে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কৃত্বিতের সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছে এই বিভাগের শিক্ষার্থীরা। তোমাদেরকেও সেই ঐতিহ্য ধরে রাখতে হবে। সর্বোপরি তোমাদের সবার জন্য শুভকামনা, তোমরা দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবে এটাই প্রত্যাশা।


এদিকে, একই দিনে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, অর্থনীতি বিভাগ, লোক প্রশাসন বিভাগ, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগ, ফোকলোক অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগ সহ অন্যান্য বিভাগে নবীন বরণের আয়োজন করা হয়।


সম্পর্কিত খবর