ক্যাম্পাস
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইবির অর্থনীতি বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণের আয়োজন করেছে অর্থনীতি বিভাগ। বুধবার (১৫ জুলাই) দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৩৪২ নম্বর কক্ষে এর আয়োজন করে বিভাগটি।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় বিভাগের অধ্যাপক ড. আবু রায়হান, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, অধ্যাপক ড. ইসরাত জাহান রূপাসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল, সিলেবাস ও ফাইল কোডসহ অন্যান্য উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তোমরা যেই যে স্বপ্ন নিয়ে এই বিভাগে ভর্তি হয়েছো তোমাদের সেই স্বপ্ন পূরণ হোক এটই দোয়া করি। এই বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আমি আশা করি তোমরাও সেই ঐতিহ্য ধরে রাখবে। পড়াশোনার বাইরে অন্য কাজ থেকে বিরত থাকবে। বিশ্ববিদ্যালয়ের খারাপ নিউজের শিরোনাম এই বিভাগের নেই বললেই চলে। তোমাদের মাধ্যমে যেন ভালো ছাড়া খারাপ নিউজের শিরোনাম না হয়। সর্বোপরি তোমাদের সবার জন্য শুভকামনা, তোমরা ভালো করে পড়াশোনা করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে, দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবে এটাই প্রত্যাশা।
এদিকে, একই দিনে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, লোক প্রশাসন বিভাগ, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগ, ফোকলোক অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগ সহ অন্যান্য বিভাগে নবীন বরণের আয়োজন করা হয়।







