ক্যাম্পাস
যবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (নবীন বরণ) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে আজ বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "তোমরা অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছো। তোমাদের লক্ষ্য হওয়া উচিত বাবা-মার মুখ উজ্জ্বল করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করা। বিশ্ববিদ্যালয় থেকে যেন তোমরা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বের হতে পারো, সেটিই আমাদের লক্ষ্য। তবে আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে তোমাদেরও সহযোগিতা প্রয়োজন।"
তিনি শিক্ষার্থীদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা যেমন স্বাধীন, তেমনি তোমাদের দায়িত্বও অনেক। একটি ভালো বন্ধু মহলে থাকা তোমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আগামী দিনগুলোতে বিচক্ষণতার সাথে পথ চলতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদের শিক্ষা ও গবেষণার জন্য সর্বাত্মক উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "আগামী চার বছর তোমাদের পড়াশোনার পেছনে সরকারের, তথা দেশের সাধারণ মানুষের ট্যাক্সের একটি বড় অঙ্কের অর্থ ব্যয় হবে। এই অর্থ আমাদের দেশের খেটে খাওয়া কৃষক, দিনমজুর ও মেহনতি মানুষের রক্ত জল করা উপার্জনের টাকা। ফলে সাধারণ মানুষের প্রতি আমাদের এক বিশাল ঋণ তৈরি হচ্ছে। এই ঋণ শোধ করার একমাত্র উপায় হলো নিজেকে একজন সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা। দেশের জন্য দক্ষ মানুষের যেমন প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন দেশকে ভালোবাসার মতো সৎ মানুষের।"
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আনুষ্ঠানিকতা শেষে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের দল বেঁধে একাডেমিক ভবনসহ পুরো ক্যাম্পাস ঘুরে দেখতে দেখা যায়। অনেকেই মুঠোফোনে ছবি ও সেলফি তুলে দিনটিকে ক্যামেরাবন্দী করেন। নবীনদের পদচারণায় দিনভর মুখর ছিল পুরো যবিপ্রবি ক্যাম্পাস।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. মোহম্মদ মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, ড. মোহাম্মদ কামাল হোসেন, ড. মরিয়ূম জামিলা, অধ্যাপক ড. মো. নাসিম রেজা এবং অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, নবীন শিক্ষার্থীদের পক্ষে ফারজানা আক্তার জুই
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সমিতি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর রহমান। এছাড়া ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা।







