ক্যাম্পাস

চিকিৎসাধীন অবস্থায় রাবি অধ্যাপকের মৃত্যু

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

চিকিৎসাধীন অবস্থায় রাবি অধ্যাপকের মৃত্যু - খবরের থাম্বনেইল ফটো

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শুভ্রা রানী চন্দ (৬৩) মৃত্যুবরন করেছেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। পৃথক শোকবার্তায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদও শোক প্রকাশ করেন।


শোকবার্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা ও গবেষণায় অধ্যাপক শুভ্রা রানী চন্দের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক শুভ্রা রানী চন্দ ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯০ সালে তিনি মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন।


দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। শিক্ষা ও গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।


মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।


সম্পর্কিত খবর