ক্যাম্পাস

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ: রাবি যেন এক টুকরো ফুটবল গ্যালারি

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ: রাবি যেন এক টুকরো ফুটবল গ্যালারি- খবরের থাম্বনেইল ফটো

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচকে ঘিরে ফুটবল উন্মাদনায় মুখর হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।


খেলা শুরুর অনেক আগ থেকেই বিভিন্ন আবাসিক হল ও মেস থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের খেলা দেখার স্থান হবিবুর রহমান হল মাঠ ও কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হতে থাকেন। প্রিয় দলের জার্সি, পতাকা, ব্যানার, মুখে রঙের আঁচড় এবং স্লোগানে স্লোগানে ক্যাম্পাস যেন রূপ নেয় এক টুকরো ফুটবল গ্যালারিতে।


বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা-ইংল্যান্ডের মহারণ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল মাঠে রাকসুর উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয় এবং কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রদলের উদ্যোগে বড় এলইডি স্ক্রিনে খেলা দেখানো হয়। এলইডি স্ক্রিনের সামনে শিক্ষার্থীরা দলবেঁধে খেলা উপভোগ করেন। আর্জেন্টিনা ও ইংল্যান্ড উভয় দলের সমর্থকদের মধ্যে ফুটবল উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।


খেলা চলাকালে প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ কিংবা দুর্দান্ত সেভে করতালি, উল্লাস ও হতাশার মিশ্র প্রতিক্রিয়ায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। স্লোগানে স্লোগানে উদযাপনে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকেরা।


আর্জেন্টিনার সমর্থক সাজ্জাদ হোসেন বলেন, আজ পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ। মনে হচ্ছে, আমরা যেন স্টেডিয়ামের গ্যালারিতেই বসে খেলা দেখছি। প্রিয় দলের জয় নিয়েই ঘরে ফিরেছি। ফাইনালেও শিরোপা আমাদেরই হবে।


ম্যাচ শেষে বিজয়ী দল আর্জেন্টিনার সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। আর্জেন্টিনা সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। তবে জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল সম্প্রীতি, বন্ধুত্ব এবং খেলাধুলার প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ।


সব মিলিয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছিল এক প্রাণবন্ত ফুটবল উৎসবের মিলনমেলায়।


সম্পর্কিত খবর