জাতীয়
মেহেরপুরে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই), সকাল ৯টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।







