ক্যাম্পাস

বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি জিতু

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি জিতু- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ বিভিন্ন হল সংসদের একাধিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবদুর রশিদ জিতু নিজেই।


সংবাদ সম্মেলনে জিতু বলেন, “৫২-এর ভাষা আন্দোলনের চেতনা, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী চেতনাকে যে রাজনৈতিক দলগুলো ধারণ করে, তাদের সঙ্গেই রাজনীতি করবো—এ সিদ্ধান্ত আমি আগেই জানিয়েছিলাম। আমি বিশ্বাস করি, এই চারটি ঐতিহাসিক চেতনা জাতীয়তাবাদী দলই ধারণ করে।”


তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই। বাংলাদেশপন্থী রাজনীতি এবং দেশের ভাগ্য পরিবর্তনের রাজনীতি একমাত্র জাতীয়তাবাদী দলের মাধ্যমেই সম্ভব।”


জিতু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। পাশাপাশি জাতীয়তাবাদী দলের দেশ গঠনের বিভিন্ন কর্মসূচিও তাদের রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী দিনগুলোতে আমি জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করে যাব,”—বলেন তিনি।


এ সময় বিভিন্ন হল সংসদের আরও কয়েকজন নেতা ছাত্রদলে যোগ দেন। তারা হলেন—

ইবনে শিহাব (ভিপি, নবাব সলিমুল্লাহ হল),

রিফাত আহমেদ শাকিল (ভিপি, আল বেরুনি হল),

জিএম এম রায়হান কবির (ভিপি, আ ফ ম কামালউদ্দিন হল),

অমিত বণিক (ভিপি, রবীন্দ্রনাথ হল),

বুবলি আহমেদ (ভিপি, নওয়াব ফয়জুন্নেসা হল),

ফারহানা রিথি (ভিপি, বেগম খালেদা জিয়া হল),

শারিয়ান নাজিম রিয়াদ (জিএস, মীর মোশাররফ হল)।


সম্পর্কিত খবর