ক্যাম্পাস
জুলাই শহীদদের স্মরণে ইবিতে বৃক্ষরোপণ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
জুলাই-আগস্ট-২০২৪ ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়ার সঞ্চালনায় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদের, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বিএনসিসির প্রধান সমন্বয়কারী কর্মকর্তা অধ্যাপক ড. আব্দুল বারীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোমিনের পরিচালনায় অনুষ্ঠিত মোনাজাতে শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, ‘শহীদ আবু সাঈদ এর ঘটনাটি বাংলাদেশের সকল শিক্ষার্থীদেকে, জনগণকে এবং পুরো বিশ্বকে একটা নাড়া দেয়। এবং আবু সাঈদ বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করার যাত্রা শুরু করে। সেই প্রেক্ষিতে রাষ্ট্রীয়ভাবে আজকের এই দিনটাকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের এই দিনটাকে যথাযথ মর্যাদায় পালন করার উদ্যোগ নিয়েছে। আজকের এই দিনে শহীদ আবু সাঈদসহ যারা আত্মাহূতি দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং একই সাথে যারা এই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সুস্বাস্থ্য এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে, বৃহস্পতিবার বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। এর আগে কেন্দ্রীয় মসজিদে শহীদদের স্মরণে কুরআন খতম করা হয়।







