জাতীয়
সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি চিংড়ি মাছ জব্দ, ১জনকে কারাদন্ড

ছবি : সংগৃহীত
জেলার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত আব্দুল্লাহ আল মামুন (৪০) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সন্ধ্যায় মাছগুলো জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গমনকারী মাছবাহী ৪টি ট্রাক আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে চারটি ট্রাকের মধ্যে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়। যার ওজন ৮২০ কেজি।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল ইসলাম এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদ- প্রদান করেন।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক চারটি ট্রাকের মধ্যে একটি ট্রাক থেকে জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত মাছ কোম্পানির ম্যানেজার সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকার আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদ-ের আদেশ প্রদান করা হয়। এ সময় অন্য ট্রাক তিনটি ছেড়ে দেয়া হয়।
তিনি আরো জানান, জব্দকৃত চিংড়ি মাছগুলো শহরের অদূরে বিনেরপোতা ব্রিজের ওপর সড়কে ছড়িয়ে ট্রাকের চাকায় পিষে বিনষ্ট করা হয়।







