জাতীয়
একটি পক্ষ আমাদের মা-বোনদের ভয় পাচ্ছে: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি পক্ষ জনগণের রায়কে ভয় পাচ্ছে বলেই মা-বোনদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ভোট চুরি বা জালিয়াতির চেষ্টা করে, তার পরিণতি ফ্যাসিবাদীদের মতোই হবে।
শুক্রবার সাভারে ঢাকা–১৯ আসনে ১১–দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, সংস্কার ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ ও নির্যাতনের রাজনীতির বিরুদ্ধে জনগণের রায় প্রতিফলিত হবে। তিনি বলেন, যারা হত্যার রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের রাজনীতি রুখে দিতে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদির হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে না পারা অন্তর্বর্তী সরকারের একটি ব্যর্থতা। এ হত্যার বিচার দাবি করে দেশবাসী রাজপথে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, সবাই যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন, ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে রায় দেন। তিনি দাবি করেন, দেশের মানুষ আর কোনো দুর্নীতিবাজ বা প্রতারকের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে চায় না।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি সাভার উপজেলা আহ্বায়ক জুলকারনাইন। এতে আরও বক্তব্য দেন ১১–দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল, জামায়াতের ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসেনসহ জোটের অন্যান্য নেতারা।








