ক্যাম্পাস
দক্ষ জনস্বাস্থ্য কর্মী গড়ার প্রত্যয়ে কানাডিয়ান ইউনিভার্সিটিতে নবীনবরণ

ছবি: আহসান ফেরদাউস সায়মন
বিপুল উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর ‘স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস’ বিভাগের সামার ২০২৬ সেমিস্টারের বিপিএইচ ও এমপিএইচ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপিএইচ স্প্রিং ২০২৬ ব্যাচের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় সিইউবি পরিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মনোনীত উপাচার্য প্রফেসর ড. এইচ. এম. জাহিরুল হক। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদানকালে তিনি জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে আগামী দিনের যোগ্য জনস্বাস্থ্য পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. ফজিলাতুন নেছা। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, নৈতিকতা এবং দেশের জনস্বাস্থ্যের সামগ্রিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।
ওরিয়েন্টেশন পর্বে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অফিসার মোঃ দুলাল হোসেন নবীন শিক্ষার্থীদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম (UMS) ব্যবহারের ওপর একটি হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের ইউএমএস-এ লগইন, প্রোফাইল ব্যবহার, কোর্স নিবন্ধন, ক্লাস রুটিন ও ফলাফলসহ বিভিন্ন একাডেমিক তথ্য যাচাইয়ের নিয়মাবলী প্রদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে আরও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. রোকসানা রাবেয়া, সিনিয়র প্রভাষক নাইমুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ হামিদ আল মুকতাদীর, ড. সাদিয়া মেহজাবীন কান্তা, মারিয়া হায়দার এবং খণ্ডকালীন শিক্ষক সুমাইয়া জামান।
গম্ভীর আলোচনার পর অনুষ্ঠান রূপ নেয় এক বর্ণিল সাংস্কৃতিক উৎসবে। বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ২০২৬, সামার ২০২৫ এবং নবাগত সামার ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে পরিবেশিত হয় চমৎকার গান, কবিতা আবৃত্তি ও আকর্ষণীয় নৃত্য। শিক্ষার্থীদের এই প্রাণবন্ত ও নান্দনিক পরিবেশনা পুরো অডিটোরিয়ামে এক উৎসবের আমেজ সৃষ্টি করে।
শিক্ষক, প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত নিরলস পরিশ্রমে সফলভাবে সম্পন্ন হওয়া এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি নবীনদের মনে এক নতুন স্বপ্নের ডানা মেলে দিয়েছে।







