ক্যাম্পাস
রাবিতে বহ্নিশিখার ৮৫ শিক্ষার্থীকে প্রশিক্ষণের পর সনদ প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নারী শিক্ষার্থীদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর অঙ্গসংগঠন বহ্নিশিখা আয়োজিত ৭ দিনব্যাপী 'আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ' শেষে অংশগ্রহণকারী ৮৫ জন ছাত্রীকে সনদ প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সিসিডিসি (CCDC) গ্যালারিতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
বহ্নিশিখা রাবি শাখার সভাপতি তুহিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ও বহ্নিশিখার প্রতিষ্ঠাতা জনাব আলমগীর কবির। তিনি বলেন, "বর্তমান সময়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর এর জন্য প্রতিটি নারীর নিজস্ব আত্মবিশ্বাস এবং আত্মরক্ষা কৌশল জানা থাকা প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম (কনক) বলেন, "আত্মরক্ষার প্রশিক্ষণ মানুষের আত্মবিশ্বাস বাড়ায় এবং যেকোনো সংকট মোকাবিলার সক্ষমতা তৈরি করে। একজন মেয়ে যদি আত্মরক্ষার মৌলিক কৌশল জানে, তাহলে প্রতিকূল পরিস্থিতিতেও সে সাহসের সঙ্গে নিজেকে রক্ষা করতে পারবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।"
তিনি আরও বলেন, "মার্শাল আর্ট বা আত্মরক্ষার চর্চা শুধু নিরাপত্তাই নিশ্চিত করে না, এটি শারীরিক ও মানসিক সুস্থতাও বজায় রাখতে সহায়তা করে। পাশাপাশি কর্মক্ষেত্র ও বাস্তব জীবনেও একজন মানুষকে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ হিসেবে গড়ে তোলে।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, "আমার বিশ্বাস, এই আত্মরক্ষা কৌশল ও প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের সুরক্ষার প্রয়োজনীয় কৌশল আয়ত্ত করেছে। কোনো অসাধু ব্যক্তি যদি কোনো ছাত্রীকে উত্যক্ত বা হয়রানির চেষ্টা করে, তাহলে তারা আত্মরক্ষার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। আর যদি সেই কৌশল প্রয়োগের প্রয়োজনও না হয়, তবুও এই প্রশিক্ষণ তাদের মানসিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় করে তুলবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মোঃ আমিরুল ইসলাম, অধ্যাপক ড. মোছা. মর্জিনা বেগম, অধ্যাপক ড. মোছা. ফৌজিয়া এদিব ফ্লোরা এবং বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য জামাত খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আহসান হাবিব, গ্রীন ভয়েস রাবি শাখার সাবেক সভাপতি মাহিন আলম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং বর্তমান সভাপতি আরিফ ইসলাম ও সাধারণ সম্পাদক ইরফান মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহিম, গ্রীন ভয়েস রাজশাহী কলেজ, ইডেন কলেজের সদস্যরা
এছাড়াও বহ্নিশিখা রাবি শাখার সহ-সভাপতি সাজিদা সুফিয়া এবং প্রশিক্ষণ গ্রহণকারী প্রায় শতাধিক নারী শিক্ষার্থী উক্ত সনদ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়।







