জাতীয়
পাবনায় আ.লীগ নেতাকে গলাকেটে হত্যা
ছবি : সংগৃহীত
পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হন শুকুর। পরে রাত ১২টা বেজে গেলেও বাড়িতে না আসায় পরিবারের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন দিয়েও কোন খোঁজখবর পাওয়া যায় না।
পরে আজ (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে শুকুরের গলাকাটা পরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি (শুকুর) ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনো জানা সম্ভব হয়নি। কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।’






