জাতীয়
নাটোরে ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামাদিসহ গ্রেফতার-৩

ছবি : সংগৃহীত
ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামাদিসহ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ সুপার মো. শরীফুল হক আজ দুপুর ১২টায় নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।
তিনি জানান, নাটোর সদর উপজেলার পার আটঘরিয়া গ্রামের সুলতান মিয়ার পুত্র খোকন মিয়ার বাড়িতে বিগত এক বছর ধরে ৪০ প্রকার যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের অনুমোদনবিহীন ভেজাল ওষুধ তৈরি ও বিক্রি করা হচ্ছিল। তিনি এসকে নিউট্রিশন এবং অর্গানিক বায়ো কেয়ার সলিউশন নামে দুটি ফেসবুক পেজের মাধ্যমে প্রচারণা এবং ওষুধ বিক্রি করেন। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন ক্রেতার কাছে উৎপাদিত ভেজালওষুধ বিক্রি করে বছরে ৮০ থেকে ৯০ লাখ টাকা উপার্জন করেন।
গতরাতে অভিযান চালিয়ে অভিযুক্ত খোকন মিয়া (২৮) এবং তার সহযোগী একই এলাকার খবির হোসেনের পুত্র শরিফুল ইসলাম (২৮) এবং আওরাইল দক্ষিণপাড়া গ্রামের সফিকুল ইসলামের পুত্র তারিকুল ইসলাম (২৪) কে গ্রেফতার করা হয়। এ সময় ক্যাপসুল তৈরির একাধিক মেশিন, বিভিন্ন ডায়ার মেশিন, কমপ্রেশার ও প্যাকেজিং মেশিনসহ বিভিন্ন উৎপাদন সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া উৎপাদিত প্রায় ২৫০ কেজি ক্যাপসুল ও কাঁচামাল, বিভিন্ন কৌটা ও টিউবে বিপুলসংখ্যক ক্রিম ও ওষুধ এবং প্যাকেজিং সামগ্রী উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম এবং গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম।





