ক্যাম্পাস
বর্ণিল আয়োজনে রুয়েটে ‘এমটিই নাইট ২০২৬’

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিদায়ী ২০২০ সিরিজের শিক্ষার্থীদের সংবর্ধনা, ২০২৫ সিরিজের নবীনবরণ এবং ‘এমটিই নাইট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় রুয়েট অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে এমটিই নাইট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সম্মাননা, শ্রেণি প্রতিনিধি (সিআর) এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে ২০২৫ সিরিজের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. ফিরোজ আলী। প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং অ্যাসোসিয়েশন অব মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, “মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ ও উদ্ভাবনী প্রকৌশলী গড়ে তোলার অন্যতম কারিগর। এ বিভাগের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন, যা আমাদের গর্বিত করে। আমি বিশ্বাস করি, এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে বিশ্বদরবারে আরও মর্যাদার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করবে এবং প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “সীমিত সম্পদ ও অবকাঠামোগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ দক্ষ, উদ্ভাবনী ও বিশ্বমানের প্রকৌশলী তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিভাগের গ্র্যাজুয়েটরা নিজেদের মেধা ও দক্ষতার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছেন। বিশ্ববিদ্যালয় সবসময় তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সেবা প্রদান করে যাবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগীয় প্রধান মো. ফিরোজ আলীর সমাপনী বক্তব্যের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়। পরে স্বল্প বিরতির পর রাত ৮টায় শুরু হয় ‘এমটিই নাইট ২০২৬’-এর সাংস্কৃতিক আয়োজন।
এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘Pirates of the Caribbean’। এ থিমকে কেন্দ্র করে বিভাগের ২০২০ থেকে ২০২৪ সিরিজের শিক্ষার্থীরা গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। বর্ণিল আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রুয়েট অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে। সবশেষে বিদায়ী ২০২০ সিরিজের শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে ‘এমটিই নাইট ২০২৬’-এর সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন সিরিজের শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের ভাষ্য, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা, নবীনদের আনুষ্ঠানিক বরণ এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বিভাগের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতেই প্রতিবছর ‘এমটিই নাইট’-এর আয়োজন করা হয়।








