ক্যাম্পাস

চাপের মুখে দায়িত্ব ছাড়লেন জবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন

জবি প্রতিনিধি

শেয়ারঃ

চাপের মুখে দায়িত্ব ছাড়লেন জবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম পদত্যাগ করেছেন। নিয়োগের মাত্র কয়েকদিনের মধ্যে শিক্ষার্থীদের একাংশের আন্দোলন, বিক্ষোভ এবং ডিন কার্যালয় থেকে বের করে দেওয়ার ঘটনার তিন দিন পর তিনি দায়িত্ব ছাড়েন।


বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের পরপরই জুলাই আন্দোলনকালে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় এবং তাঁর অপসারণের দাবি জানায়।


এর ধারাবাহিকতায় গত ১৬ জুলাই ডিন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাঁকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে ডিন পদ থেকে অপসারণের দাবি তোলা হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের চাপে তিনি ডিন কার্যালয় ত্যাগ করেন।


ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন পৃষ্ঠার এক লিখিত বিবৃতিতে জানায়, ড. আইনুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাই করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে প্রশাসন শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন, হেনস্তা বা বিচারবহির্ভূত আচরণের বিরোধিতা করে সব সমস্যার প্রাতিষ্ঠানিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে।


বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে কোনো অভিযোগের নিষ্পত্তিতে যথাযথ তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুসরণ করা হবে।


পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, "এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে।"


উল্লেখ্য, নিয়োগের পর থেকেই তাঁর বিরুদ্ধে আন্দোলন চলছিল। সর্বশেষ পদত্যাগের মধ্য দিয়ে এ ঘটনাপ্রবাহে নতুন মোড় এসেছে।


সম্পর্কিত খবর