জাতীয়
সাজিদ আব্দুল্লাহ হত্যার রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবিতে ইবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত এবং তদন্তে দীর্ঘসূত্রতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রোববার (১৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এটি পালিত হয়।
এতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দীন, অধ্যাপক ড. নাসিরুদ্দিন মিঝি, অধ্যাপক ড. খান মুহাম্মাদ ইলিয়াস, শাখা শিবিরের সভাপতি ইউসুব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাখা আহ্বায়ক এস এম সুইট ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার শাখা সভাপতি এস এম শামীমসহ বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘সাজিদ হত্যার তদন্ত আর নয় বিলম্ব’, ‘বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’, ‘খুনি ধর, জেলে ভর’, ‘Justice, Justice, We Want Justice’সহ বিভিন্ন দাবি সম্বলিত দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের এক বছর পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়নি এবং বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে। তারা বলেন, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাজিদ আব্দুল্লাহর নামে বিশ্ববিদ্যালয়ের একটি হল বা স্থাপনার নামকরণ এবং তার পরিবারের জন্য ঘোষিত আর্থিক সহায়তা দ্রুত প্রদানের দাবিও জানান।
এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ১৭৫ একরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
শাখা শিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, এক বছর পেরিয়ে গেলেও হত্যার রহস্য উদ্ঘাটিত হয়নি এবং কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তের নামে আর বিলম্ব না করে দ্রুত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এসময় সাজিদ আব্দুল্লাহর বাবা আহসান হাবিবুল্লাহ বলেন, এক বছর পার হলেও ছেলের হত্যার বিচার না পাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক। আমি দ্রুত এই হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এমন ক্ষতির শিকার না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।





