ক্যাম্পাস
জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক শাওলী মাহবুব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুব।
রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশটি আগামীকাল ২০ জুলাই থেকে কার্যকর হবে।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুবকে পরবর্তী ২ (দুই) বছরের জন্য ডিন হিসেবে নিযুক্ত করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
একই আদেশে অনুষদের বিদায়ী ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: আইনুল ইসলামকে নবনিযুক্ত ডিনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।###







