ক্যাম্পাস
জবিতে গবেষণায় বরাদ্দ দ্বিগুণ, ৯৫ লাখ টাকার চেক হস্তান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্স (থিসিস), এমফিল ও পিএইচডি স্তরের ৬৪২ জন শিক্ষার্থী ও গবেষকের মাঝে প্রায় কোটি টাকার গবেষণা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। তিনটি শিক্ষাবর্ষের এই গবেষকদের মাঝে সর্বমোট ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা পূর্বের শিক্ষাবর্ষগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ।
সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গবেষকদের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবার সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছেন মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থীরা। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমন ৪৯৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৯ হাজার ৯৮০ টাকা করে মোট ৪৯ লাখ ৭০ হাজার ৪০ টাকা দেওয়া হয়েছে।
এছাড়া এমফিল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৪৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৪ হাজার টাকা করে মোট ১১ লাখ৭৬ হাজার টাকা এবং পিএইচডি পর্যায়ের তিনটি ব্যাচের (২০২৫-২৬, ২০২৩-২৪ ও ২০২৪-২৫) মোট ৯৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৩৬ হাজার টাকা করে মোট ৩৪ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, "বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে নিতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষা ও গবেষণা কাজে আরও বেশি মনোনিবেশ করতে হবে। দীর্ঘ ২১ বছরের পথচলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় যতদূর বিকশিত হয়েছে সেখানে শিক্ষকদের অবদান অপরিসীম। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।"
জুলাই বিপ্লব পরবর্তী দেশের সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, "৫ আগস্টের পর যে পরিবর্তন সেটি সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ার পরিবর্তন। এখান থেকে আমাদের গঠনমূলক কাজে শামিল হতে হবে, তা না হলে ২৪-এর যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন হবে না।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, "গবেষকদের হাতে এই অনুদান তুলে দিতে পেরে আমরা আনন্দিত। তবে গবেষণার মান যাতে মানসম্মত ও আন্তর্জাতিক মানের হয়, সেদিকে গবেষকদের সর্বোচ্চ মনোযোগী হতে হবে।"
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো: গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান এবং পিআরআইপি ও আইকিউএসি-এর পরিচালকরা।##







