জাতীয়

মেহেরপুরে বাস উল্টে আহত অন্তত ১২

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

মেহেরপুরে বাস উল্টে আহত অন্তত ১২- খবরের থাম্বনেইল ফটো

মেহেরপুর শহরের ওয়াপদার মোড়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।


বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


আহতদের মধ্যে কয়েকজন হলেন— মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের তাওহিদুর রহমান (৪০) ও মো. আরিফুল ইসলাম (৩৬), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫০), আশরাফপুর গ্রামের মিলন (১৮), তারানগর গ্রামের ববিতা খাতুন (৩৮) এবং প্রিয়া খাতুন (২০)।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া-জ-০৪-০০৩২ নম্বরের বাসটি মেহেরপুর কলেজ মোড় থেকে যাত্রী নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইউ-টার্ন নেয়। ঠিক একই সময়ে একটি ইজিবাইকও বাসের সামনে চলে আসলে দুর্ঘটনা এড়াতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি জেনারেল হাসপাতালের সামনের ডোবা বা খাদে উল্টে পড়ে।


ঘটনার পরপরই বাসের ভেতরের যাত্রীদের আকুতি ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালায়।


প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনাগ্রস্ত বাসটির দরজার পাশ পর্যন্ত হাঁটুপানি জমে থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছে। বাসটি সম্পূর্ণ তোলার পর নিচে আরও কোনো যাত্রী আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।


সম্পর্কিত খবর