জাতীয়
মেহেরপুর জেনারেল হাসপাতালে নারী চোর চক্রের ৬ সদস্য হাতেনাতে আটক

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর টাকা ও মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন নারী চোর চক্রের ছয় সদস্য। পরবর্তীতে তাদের মেহেরপুর সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারের সামনে এ চুরির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা রানী খাতুন তার অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। শিশু বিশেষজ্ঞের চেম্বারের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় চোর চক্রের সদস্যরা কৌশলে তার ব্যাগ থেকে টাকা চুরি করে নেয়। পরবর্তীতে তারা মোবাইল ফোনটি হাতানোর চেষ্টা করলে রানী খাতুন বিষয়টি টের পান এবং চিৎকার শুরু করেন।
তার চিৎকারে হাসপাতালের নিরাপত্তাকর্মী, অন্য রোগীর স্বজন ও স্থানীয় উৎসুক জনতা দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত ছয় নারীকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত নারীরা জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মেহেরপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী চুরি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ উঠছিল। মঙ্গলবারের এই ঘটনার পর মূল চক্রের সদস্যরা ধরা পড়ায় ভুক্তভোগী ও সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।





