ক্যাম্পাস

ইবির আইসিটি বিভাগের নিয়োগ বিতর্কে নতুন তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

ইবির আইসিটি বিভাগের নিয়োগ বিতর্কে নতুন তদন্ত কমিটি - খবরের থাম্বনেইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের প্রভাষক পদে ফিরোজা নাজনিনের নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।


কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলিকে আহ্বায়ক এবং একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী।


অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদনকারী ফিরোজা নাজনিন, পিতাঃ আমিনুল ইসলাম, ডি-১৭২, হাউজিং এস্টেট, কুষ্টিয়া-এর পূর্বতন একাডেমিক ফলাফল (বি.এস-সি ১ম বর্ষ হতে শেষ বর্ষ এবং এম.এস-সি) খতিয়ে দেখে একটি প্রতিবেদন পেশ করার জন্য উপাচার্য এই কমিটি গঠন করেছেন।

এ কমিটিকে আগামী দুই সপ্তাহের (১৪ দিন) মধ্যে মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।


তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, চিঠি পেয়েছি। আমি জরুরি কাজে ঢাকায় এসেছি। ক্যাম্পাসে এসে বিষয়টি নিয়ে কাজ করবো।


উল্লেখ্য, ফিরোজা নাজনীন ইবির আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী। নিয়োগ বোর্ডের আগের দিন এক্সপার্টের সঙ্গে প্রার্থীর স্বামীর সাক্ষাৎ, একাডেমিক ক্রাইম করে রেজাল্ট বৃদ্ধির অভিযোগ, সাংবাদিককে বিকাশে টাকা পাঠিয়ে ম্যানেজ করার চেষ্টাসহ বিভাগের সভাপতির তথ্য দিতে গড়িমসির বিষয় সম্প্রতি গণমাধ্যমে উঠে আসে।


পরে বিষয়টি খতিয়ে দেখতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিন্ডিকেট। পরবর্তীতে নতুন করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সম্পর্কিত খবর