ক্যাম্পাস

জিয়াউর রহমান ছিলেন বলেই আমরা স্বাধীন দেশ ও মানচিত্র পেয়েছি জবি ভিসি

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জিয়াউর রহমান ছিলেন বলেই আমরা স্বাধীন দেশ ও মানচিত্র পেয়েছি  জবি ভিসি- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বলেই আমরা একটি দেশ, একটি মানচিত্র, স্বাধীনতা ও একটি ভূখণ্ড পেয়েছি। এই যে আমরা আমাদের জন্মভূমি বাংলাদেশ বলি, জিয়াউর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না।”


বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জবি শাখার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকীতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, “আমার সৌভাগ্য হয়েছিল তাঁর কোলে চড়ার। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতনে যখন জাতি দিশেহারা ছিল, তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে পথ দেখিয়েছিলেন। শুধু ঘোষণা দিয়েই তিনি থেমে থাকেননি, জেড ফোর্স গঠন করে মুক্তিযুদ্ধে নেতৃত্বও দিয়েছেন। জাতি যখনই ক্রান্তিলগ্নে উপনীত হয়েছে, তখনই পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি না থাকলেও জাতিকে সংকট থেকে উত্তরণের পথ দেখানোর জন্য যে দর্শন দিয়ে গেছেন, তার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ।”


সেমিনারে বাংলাদেশি জাতীয়তাবাদকে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও রাষ্ট্রীয় অস্তিত্ব রক্ষার দর্শন হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, “এই দেশকে যদি ফ্যাসিবাদমুক্ত রাখতে হয়, তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনকে আত্মস্থ করতেই হবে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার জন্য এ দর্শন গুরুত্বপূর্ণ।”


তিনি বলেন, “আমরা আমাদের দর্শন নিয়ে অটল আছি এবং বাংলাদেশে এ দর্শন প্রতিষ্ঠা ও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে যাব। তবে আমার আদর্শের কোনো শিক্ষক, কর্মকর্তা বা শিক্ষার্থী কারও ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না। এমন কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”


একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খাটো করার উদ্দেশ্যে কোনো ধরনের অপপ্রচার বা বট আইডির মাধ্যমে প্রোপাগান্ডা এই ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না।”


প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "বাংলাদেশি জাতীয়তাবাদের মূল দর্শন হলো বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক নাগরিকের অভিন্ন পরিচয় ‘বাংলাদেশি’। ধর্ম, ভাষা, বর্ণ ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই দর্শন জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তোলে।"


সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুর রহমান হামিদ, এমপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. শামছুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।


ইউট্যাব জবি শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউট্যাব জবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদ।


এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর