ক্যাম্পাস
গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইবি ছাত্রশিবিরের গণমিছিল

জুলাই গণহত্যার বিচার এবং সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণমিছিল করেছে শাখা ছাত্রশিবির।
বুধবার (২২ জুলাই) দুপুরে জুলাই আন্দোলনে অংশীজনদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে গণমিছিলটি শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারী রাশিদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ অর্ধ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করার জন্য আমাদের মাঝে জুলাই নেমে এসেছিল। কিন্তু পূর্বের সেই ফ্যাসিবাদ ব্যবস্থা পূর্বের অবস্থায় ঠিক আছে। শুধু ফ্যাসিবাদীর পরিবর্তন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা সরকার যেভাবে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছেন, বর্তমান সরকারও ঠিক একই কায়দায় দেশ পরিচালনা করছে।
গত নির্বাচনে প্রায় ৭০ শতাংশের অধিক মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে জনগণের সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণ কোনো মুচলেকা দেওয়া সরকারকে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ কোনো আধিপত্যবাদকে মেনে নেবে না। যদি সতর্ক না হন,এদেশের জনগণ আপনাকে গদি থেকে নামাতে বাধ্য করবে।
তিনি আরও বলেন, এই সরকার আসার পরে আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসগুলোকে খুলে দেওয়া হয়েছে। অথচ আওয়ামী লীগ প্রকাশ্য গণহত্যাকারী দল, যাকে সামাজিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এরপরেও তারা আওয়ামী লীগের কার্যক্রম চালু করে দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি আপনারা খুনিদের সাথে আঁতাত করেন, তাহলে খুনিদের সাথে আপনাদেরকেও ভারতে পাঠাতে বাধ্য করা হবে।







