জাতীয়
লংগদুতে অবৈধভাবে চাঁদা আদায়কালে একজন আটক

ছবি : সংগৃহীত
জেলার লংগদু উপজেলাধীন বগাচতর ইউনিয়নের শিবের আগা এলাকায় অবৈধভাবে চাঁদা আদায়ের সময় স্থানীয় আঞ্চলিক সংগঠন জেএসএসের একজনকে হাতেনাতে আটক করেছে রাজনগর ৩৭ বিজিবি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুপেন চাকমা (২১)। তিনি রাঙ্গাচুলা চাকমার ছেলে। এ সময় তার কাছ থেকে চাঁদার নগদ টাকা, চাঁদা আদায়ের রশিদ ও একটি দেশীয় একনালা বন্দুক উদ্ধার করা হয়।
অভিযানকালে তার সাথে থাকা শান্তি রঞ্জন চাকমা নামের অপর একজন সদস্য পালিয়ে গেছে।
এ বিষয়ে রাজনগর ৩৭ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল তাসকিন জানান, অবৈধভাবে চাঁদা আদায়ের খবর পেয়ে বিজিবির একটি টিম অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
তিনি বলেন, অত্র জোন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো ধরনের চাঁদাবাজি, মাদক বা অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের সুযোগ দেওয়া হবে না। কঠোর হস্তে এসব দমন করা হবে। আটক ব্যক্তিকে সন্ধ্যায় লংগদু থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বরজিৎ দে জানান, পুলিশ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা রুজু করেছে।






