ক্যাম্পাস

উত্তর ও দক্ষিনাঞ্চল কে এগ্রিকালচারাল হাব হিসেবে তৈরী করা হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

উত্তর ও দক্ষিনাঞ্চল কে এগ্রিকালচারাল হাব হিসেবে তৈরী করা হবে  :  মির্জা ফখরুল ইসলাম আলমগীর- খবরের থাম্বনেইল ফটো

​বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে অ্যাগ্রিকালচারাল হাব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রবিবার (২৬ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) টিএসসিতে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


​কৃষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, "যাঁরা কৃষিতে কাজ করেন, তাঁরা এই দেশের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাঁরা এই মাটিকে ভালোবাসেন। মাঠের কৃষক দিনরাত কষ্ট করে ফসল ফলায় বলেই দেশ টিকে থাকে।"


​শিক্ষার্থীদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান অতিথি বলেন, "কৃষকদের উপার্জনের একটি অংশ থেকেই সাধারণ মানুষের দেওয়া কর ও ট্যাক্সের টাকায় তোমরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছ। তাই দেশের মানুষের দেওয়া এই টাকার উপযুক্ত মূল্য তোমাদের দিতে হবে।"


একই সঙ্গে নবীন শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে যোগ্য ও দক্ষ কৃষিবিদ হয়ে গড়ে উঠতে পারে, সে কামনা ব্যক্ত করেন তিনি।


​দেশে বেকারত্ব দূরীকরণ ও তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "বেকারত্ব সমস্যা সমাধানে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে দেশে একটি ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলা সম্ভব হয়।"


দেশ থেকে ফ্যাসিস্ট উৎখাতে জেন-জি (GenZ)-র ভূমিকারও প্রশংসা করেন । এ সময় তিনি গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকার কোনো ঘাটতি রাখবে না বলে আশ্বাস দেন।


​অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদি আমিন। এছাড়াও অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব আনিছুর রহমান, ঢাকা-১৬ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিজ সানজিদা ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন এবং ট্রেজারার প্রফেসর মুহম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর