জাতীয়
মানবপাচার ঠেকাতে মাদারীপুরে পুলিশের বিশেষ মনিটরিং সেল উদ্বোধন

ছবি : সংগৃহীত
মাদারীপুরে মানবপাচার ঠেকাতে পুলিশের বিশেষ মনিটরিং সেল উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ মনিটরিং সেলটির উদ্বোধন করেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন কাদের এবং জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, মাদারীপুর একটি মানবপাচারপ্রবণ জেলা। উন্নত জীবনের আশায় অনেক মানুষ প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। মানবপাচারের শিকার ব্যক্তিদের নিরাপত্তা, আইনি সুরক্ষা এবং বিচার নিশ্চিত করতেই এই মনিটরিং সেল গঠন করা হয়েছে।
তিনি জানান, নতুন এই সেল মানবপাচার-সংক্রান্ত প্রতিটি মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। অভিযোগ গ্রহণ, তদন্ত, অভিযোগপত্র (চার্জশিট) দাখিল, সাক্ষিদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, বিচারিক কার্যক্রম তদারকি এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সহায়তা—সব কার্যক্রম একটি সমন্বিত ব্যবস্থার আওতায় পরিচালিত হবে। ফলে মামলার দীর্ঘসূত্রতা কমবে এবং ভুক্তভোগীরা দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা পাবেন বলে আশা করা হচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, অতীতে দেখা গেছে মানবপাচারের শিকার অনেক ব্যক্তি মামলা করতে গিয়ে বা মামলা পরিচালনার সময় নানা ধরনের হয়রানির মুখোমুখি হয়েছেন। অনেক ক্ষেত্রে দালালচক্রের চাপ, ভয়ভীতি কিংবা পাল্টা মামলার আশঙ্কায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। নতুন এই মনিটরিং সেল এসব বিষয়ে নজরদারি বাড়িয়ে ভুক্তভোগীদের পাশে থাকবে।
তিনি আরও জানান, মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো, দালালচক্র শনাক্তকরণ এবং আন্তঃজেলা সমন্বয় জোরদারের দিকেও গুরুত্ব দেওয়া হবে। তাদের আশা, এই উদ্যোগ মানবপাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং ভুক্তভোগীদের জন্য বিচারপ্রাপ্তির পথ আরও সহজ করবে।






