জাতীয়

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহতের দাবি

ডেস্ক

শেয়ারঃ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহতের দাবি- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠেছে। দলটির দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছেন। এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি সাংবাদিকদের ব্যবহৃত কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।


মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে এ ঘটনা ঘটে।


এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত অভিযোগ করে বলেন, জুলাই পদযাত্রায় অংশ নিতে আসা দলের কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে এনসিপির একাধিক নেতাকর্মী এবং দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক আহত হন।


তিনি আরও দাবি করেন, হামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীও আহত হয়েছেন। এছাড়া দলের মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়। হামলাকারীরা গাড়িতে থাকা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি।


সালেহ উদ্দিন সিফাত জানান, গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিওচিত্র তাদের কাছে রয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


তবে এ বিষয়ে স্থানীয় বিএনপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একইভাবে ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।


সম্পর্কিত খবর