ক্যাম্পাস

জবিতে ‘বিতর্কে হাতে-খড়ি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জবিতে ‘বিতর্কে হাতে-খড়ি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের যুক্তিবাদী মনন, বিশ্লেষণী চিন্তা ও বিতর্ক দক্ষতা বিকাশে সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাব আয়োজিত ‘বিতর্কে হাতে-খড়ি’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৯ জুলাই) সমাজবিজ্ঞান ভবন-২ এর ৪০৩ নম্বর কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান। কর্মশালার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান।


সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক রুকাইয়া মিজান মিমির সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আব্দুল্লাহর সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি বিতর্ক প্রতিযোগিতার বিচারক, প্রাক্তন তাত্ত্বিক এবং নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মাজেদ। তিনি বিতর্কের মৌলিক ধারণা, যুক্তি উপস্থাপনের কৌশল, বক্তব্য প্রদানের দক্ষতা ও কার্যকর বাকপটুতার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেন।


কর্মশালায় অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আশ সাদাত বলেন, "আজকে অনুষ্ঠিত ‘বিতর্কে হাতে-খড়ি’ কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। এই কর্মশালা যেমন বিতর্ক সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছে, তেমনি বিতর্কে অংশগ্রহণের আগ্রহও তৈরি করেছে। আমাদের সম্মানিত প্রশিক্ষক মাজেদ ভাই তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের সঙ্গে ভাগাভাগি করেছেন। এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।"


সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সভাপতি রুকাইয়া মিজান মিমি বলেন, "আমাদের বিভাগে অনেক উদীয়মান বিতার্কিক রয়েছে। পাশাপাশি এমন অনেক শিক্ষার্থী আছেন, যারা বিতর্কে আগ্রহী হলেও আগে কখনো এ চর্চার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাদের জন্যই ‘বিতর্কে হাতে-খড়ি’ কর্মশালার আয়োজন করা হয়েছে, যাতে তারা বিতর্কের মৌলিক জ্ঞান অর্জন করতে পারে এবং ভবিষ্যতে দক্ষ বিতার্কিক হিসেবে গড়ে উঠতে পারে। আমরা বিশ্বাস করি, এই আয়োজনের মাধ্যমে আমাদের লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে বিভাগীয় চেয়ারম্যান ম্যাম, ক্লাবের মডারেটর স্যার, অন্যান্য শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।"


কর্মশালায় বক্তারা বলেন, বিতর্কচর্চা শুধু বক্তব্য দেওয়ার দক্ষতা বাড়ায় না; এটি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, সহনশীলতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


সম্পর্কিত খবর