ক্যাম্পাস

ভিপির বেফাঁস মন্তব্য : রাকসুর সকল কার্যক্রম বয়কটের ডাক রাবির সাংবাদিকদের

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

ভিপির বেফাঁস মন্তব্য : রাকসুর সকল কার্যক্রম বয়কটের ডাক রাবির সাংবাদিকদের - খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাকসুর সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে ক্রীয়াশীল তিন সাংবাদিক সংগঠন।


বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) সম্মিলিত এক প্রতিবাদলিপি দেয়।


এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভিপি নিঃশর্ত ক্ষমা না চাইলে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক সংগঠনের নেতারা।


বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের ট্যাগিংসহ ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তার বক্তব্যে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের অধিকার ক্ষুণ্ন হয়েছে।


তিন সংগঠনের নেতারা বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিবাদলিপি দিতে কিংবা আইনি প্রতিকার চাইতে পারে। কিন্তু একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের হুমকি দেওয়া ও ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি।


প্রতিবাদলিপিতে আরও বলা হয়, কোনো সংগঠন সরকার কর্তৃক নিষিদ্ধ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাষ্ট্র ও আইন প্রয়োগকারী সংস্থার। ছাত্র সংসদ বা তার কোনো প্রতিনিধি এ ধরনের দায়িত্ব পালন করতে পারে না।


এ অবস্থায় ভিপি নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তিন সাংবাদিক সংগঠনের সদস্যরা রাকসুর সব ধরনের কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ ও প্রকাশ থেকে বিরত থাকবেন বলে জানানো হয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সারা দেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেন নেতারা।


এদিকে একই ঘটনায় পৃথক বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। বুধবার বিকেলে সংগঠনটি তাদের বিবৃতিতে জানায়, সাংবাদিকদের মৌলিক দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য নিরপেক্ষভাবে তুলে ধরা। কোনো সংবাদে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে সংবাদটি যদি সত্য ও তথ্যভিত্তিক হয় তবে সেটি সাংবাদিকতারই অংশ।


আরটিজেএ নেতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা, হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের মতো বক্তব্য গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। একইসঙ্গে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ তার বক্তব্যের ব্যাখ্যা দেবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।


সংবাদ সম্মেলনে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, "এত মায়া কান্না করা যাবে না। আপনারা সাংবাদিকরা যেসব শব্দ ব্যবহার করেন, এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে নিউজ করেছেন। আমরা সেগুলো জড়ো করে করে এখানে ব্যবস্থা নেব। এই সাংবাদিক এখানেও অনেকে আছে।"


ভিপি আরও বলেন, "আপনারা বলেছেন, আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা এই শব্দ বলতে এত কাঁপাকাঁপি করেন কেন? আর আপনারা এত মায়া কান্না দেখান কেন ছাত্রলীগের প্রতি।"


সম্পর্কিত খবর