ক্যাম্পাস
জবিতে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২০০৭/বি নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত আসমা বিনতে মফিজ অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১৯তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীরা জানান, ক্লাস শুরুর আগে হঠাৎ সিলিং থেকে ফ্যানটি খুলে নিচে পড়ে। এ সময় ফ্যানের একটি পাখার আঘাতে আসমা আহত হন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আসমা বিনতে মফিজ বলেন, “আমরা শ্রেণিকক্ষে বসে ছিলাম। হঠাৎ ফ্যানটি খুলে পড়ে আমার মুখের বাম পাশে আঘাত লাগে। এখনও সেখানে ব্যথা অনুভব করছি।”
তিনি বলেন, “এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তাই বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শ্রেণিকক্ষের সব ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার করা উচিত।”
একই বিভাগের শিক্ষার্থী মুন্না মিয়া বলেন, “ফ্যানটি বেঞ্চের ওপর পড়ে। আসমা একপাশে বসে থাকায় ফ্যানের পাখার আঘাতে আহত হয়। পরে আমরা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যাই।”
তিনি আরও বলেন, “অর্থনীতি বিভাগের শ্রেণিকক্ষের অবকাঠামোগত অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের উদ্বেগ রয়েছে। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনের শ্রেণিকক্ষের ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।







